ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস আরও দুইজন ইসরায়েলি জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে।
আরব গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েল নিশ্চিত করেছে যে তারা হামাসের কাছ থেকে আরও দুই জিম্মির লাশ গ্রহণ করেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে দুই জিম্মির লাশ ইসরায়েলের হাতে পৌঁছেছে, যা পরবর্তীতে গাজায় অবস্থানরত ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এই লাশগুলো সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশগুলো শনাক্তকরণের জন্য ইসরায়েলের একটি চিকিৎসা পরীক্ষাগারে পাঠানো হবে।
প্রতিবেদনে আরও জানা গেছে, এখন পর্যন্ত হামাস ২৮ জন জিম্মির মধ্যে ১১ জনের লাশ ইসরায়েলের কাছে ফিরিয়ে দিয়েছে। হামাসের দাবি, রাফা সীমান্ত ক্রসিং বন্ধ থাকায় বাকি জিম্মিদের লাশ হস্তান্তরে বিলম্ব হচ্ছে এবং এই প্রক্রিয়া সীমান্ত ক্রসিং পুনরায় খোলার ওপর নির্ভর করছে।
এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর আশঙ্কা প্রকাশ করেছে যে হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে পারে। যুক্তরাষ্ট্রের দাবি, হামাসের সম্ভাব্য লঙ্ঘনের বিষয়ে তারা বিশ্বস্ত গোয়েন্দা তথ্য পেয়েছে।
পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, যুদ্ধবিরতির সম্ভাব্য লঙ্ঘনের বিষয়ে গ্যারান্টার দেশগুলোকে অবহিত করা হয়েছে এবং যদি হামাস চুক্তি ভঙ্গ করে, তবে গাজার সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আল জাজিরা, জিও নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
