আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো কারাবন্দি আসামিরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার রাজধানীর ভাটারার আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) মাঠে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, “প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় ১০ লাখ মানুষ নির্বাচনী কাজে অংশ নেবেন। কিন্তু এতদিন যারা নির্বাচনের দায়িত্বে থাকতেন, তারা নিজেরা ভোট দিতে পারতেন না। এবার আমরা তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছি।”
তিনি জানান, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্য একটি বিশেষ অ্যাপ চালু করা হবে। ওই অ্যাপের মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করলে তাদের বাসার ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হবে। নির্ধারিত নির্দেশনা অনুসারে তারা ভোট দিতে পারবেন।
নাসির উদ্দিন আরও বলেন, “আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও এই দেশের নাগরিক। তাই এবার কারাগারে থাকা আসামিদেরও ভোটাধিকার নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
হাআমা/
