আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় ৬৩টি আসন ফাঁকা রাখা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এর বেশিরভাগ আসন মিত্র রাজনৈতিক দল ও জোটের গুরুত্বপূর্ণ নেতাদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা জানান, মিত্র দলগুলোর পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কিছু ইসলামপন্থী দলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। এসব দলের সঙ্গে সমঝোতা হলে ওই আসনগুলোতে বিএনপি প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে।
দলের অভ্যন্তরীণ কোন্দলও কিছু আসন ফাঁকা রাখার আরেকটি কারণ বলে জানা গেছে। অনেক এলাকায় একাধিক প্রার্থী মনোনয়ন চাইছেন, ফলে স্থানীয় পর্যায়ে ঐক্য গড়ে তোলা কঠিন হয়ে পড়েছে। এই বিরোধ মেটাতে সময় দিতেই আপাতত ওই আসনগুলো খালি রাখা হয়েছে।
তবে শেষ পর্যন্ত মিত্র বা অন্যান্য দলগুলোর জন্য ঠিক কতটি আসন ছেড়ে দেওয়া হবে, তা এখনো নির্ধারিত হয়নি। বিএনপির এক জোটসঙ্গী দলের নেতারা জানিয়েছেন, তাদের কিছু আসনে ছাড় দেওয়ার বিষয়ে বিএনপি আগেই ইঙ্গিত দিয়েছিল, তবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। তারা আশা করছেন, আসন বণ্টন নিয়ে শিগগিরই আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।
হাআমা/
