রাজধানীর শেরেবাংলা নগরের ইন্দিরা রোডে তেজগাঁও কলেজ জামে মসজিদ থেকে ২৩ জনকে আটক করেছে পুলিশ। জঙ্গি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৩টার দিকে তেজগাঁও কলেজ জামে মসজিদে অভিযান চালানো হয়। পুলিশের একটি বিশেষ বার্তা অনুযায়ী, শিহাব উদ্দিন নামে এক ব্যক্তির নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল মসজিদের দ্বিতীয় তলায় বৈঠক করছিল। পরে সেখানে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৩০ থেকে ৪০ জন সদস্য অংশ নেন। একপর্যায়ে ২৩ জনকে আটক করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মসজিদে চলা গোপন বৈঠক থেকে সন্দেহভাজন হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
পুলিশ বলছে, আটক ব্যক্তিরা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের জঙ্গি কার্যক্রমের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।
অভিযানের পর ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা উপস্থিত হন। আটক ব্যক্তিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
