বিশ্বচ্যাম্পিয়ন হাফেজ ইহতিশামুল হক হিরাকে ক‌ওমি পরিষদের অভিনন্দন

by hsnalmahmud@gmail.com

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার হিফজুল কুরআন বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের গর্বিত সন্তান হাফেজ ইহতিশামুল হক হিরাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কওমি পরিষদের সভাপতি ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনি জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।

রোববার(১১ অক্টোবর ) এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বিশ্বের ৩৮টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে হাফেজ ইহতিশামুল হক হিরার প্রথম স্থান অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার মতো বিশ্বমঞ্চে তার এই অনন্য সাফল্য বাংলাদেশের কওমি মাদ্রাসা, হিফজ শিক্ষাব্যবস্থা এবং দেশের ধর্মপ্রাণ মানুষের জন্য অত্যন্ত সম্মানের।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, পবিত্র কুরআন আল্লাহ তাআলার কালাম। কুরআন হিফজ করা নিঃসন্দেহে মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ ও সম্মানের বিষয়। একজন বাংলাদেশি তরুণ হাফেজের এমন অসাধারণ কৃতিত্ব প্রমাণ করে, আমাদের দেশের হিফজখানাগুলোতে মেধাবী ও যোগ্য হাফেজ তৈরির যে ধারাবাহিক প্রচেষ্টা চলছে, তা আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হচ্ছে।

মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, হাফেজ ইহতিশামুল হক হিরার এই বিজয় শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি তার পরিবার, শিক্ষকমণ্ডলী, শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর পাশাপাশি পুরো বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। তার এই সাফল্য দেশের নতুন প্রজন্মকে পবিত্র কুরআন হিফজ, তিলাওয়াত ও কুরআনিক শিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরও বলেন, এই অসাধারণ অর্জনের পেছনে হাফেজ ইহতিশামুল হক হিরার মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের পাশাপাশি তার সম্মানিত শিক্ষকবৃন্দ ও পরিবারের ত্যাগ ও সহযোগিতা রয়েছে। এ বিজয়ের জন্য তার শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।

কওমি পরিষদের সভাপতি মুফতি ইমরানুল বারী সিরাজী মহান আল্লাহ তাআলার দরবারে হাফেজ ইহতিশামুল হক হিরার ইলম, আমল ও হায়াতে বরকত কামনা করে বলেন, আল্লাহ তাআলা তাকে পবিত্র কুরআনের একজন নিষ্ঠাবান খাদেম হিসেবে কবুল করুন এবং ভবিষ্যতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে আরও বড় ভূমিকা রাখার তাওফিক দান করুন।

তিনি আশা প্রকাশ করেন, হাফেজ ইহতিশামুল হক হিরার এই বিশ্বজয় বাংলাদেশের জন্য কুরআন শিক্ষার ক্ষেত্রে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে এবং আগামী দিনে আরও অনেক মেধাবী হাফেজ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করবেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222