পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরী উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে আয়োজিত মাসব্যাপী ইসলামী বইমেলা আগামী ১১ অক্টোবর শেষ হতে যাচ্ছে।
গত ১২ সেপ্টেম্বর শুরু হওয়া এই মেলা সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ থেকে জারিকৃত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশনা বিভাগের পরিচালক ও মাসব্যাপী ইসলামী বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো: রেজাউল হায়দার স্বাক্ষরিত ওই নোটিশে সংশ্লিষ্ট স্টল মালিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, আগামী ১১ অক্টোবর ২০২৬ তারিখে বইমেলা আনুষ্ঠানিকভাবে শেষ হবে। মেলা সমাপ্তির পরিপ্রেক্ষিতে আগামী ১২ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ১২:০০ ঘটিকার মধ্যে স্টলের বইসহ নিজস্ব মালামাল (যদি থাকে) নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।
