ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়ায় ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে একই নামে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ২০ বিঘা জমির ওপর মসজিদটির পাশাপাশি একটি আধুনিক কওমি মাদ্রাসা নিয়ে বৃহৎ পরিসরে মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে সাধারণ মানুষের কাছ থেকে অনুদান আহ্বান করেছেন উদ্যোক্তারা।
উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, প্রস্তাবিত মসজিদের গম্বুজসহ স্থাপত্যের বিভিন্ন অংশে মোগল স্থাপত্যশৈলীর ছাপ থাকবে। এর সঙ্গে আধুনিক স্থাপত্যের সমন্বয় করার পরিকল্পনাও রয়েছে।
কলাতিয়ায় এক যুগেরও বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করছে জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া নামের একটি কওমি মাদ্রাসা। এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই বৃহৎ পরিসরে মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পটির অন্যতম উদ্যোক্তা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, তাঁর উদ্যোগে ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি কলাতিয়ায় প্রস্তাবিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন হেফাজতে ইসলামের তৎকালীন আমির আল্লামা শাহ আহমদ শফী।
এরপর ২০২১ সালে বাংলাদেশে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে হওয়া আন্দোলন এবং পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে প্রকল্পটির কার্যক্রম থেমে যায় বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
তাদের ভাষ্য, জুলাই অভ্যুত্থানের পর প্রকল্পটি পুনরায় এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সাধারণ মানুষের অনুদানে এরই মধ্যে প্রকল্প এলাকার মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। পাশাপাশি নির্মাণ করা হয়েছে প্রায় ৭০০ ফুট সংযোগ সড়ক।
উদ্যোক্তারা জানিয়েছেন, প্রকল্পের পরবর্তী কাজ এগিয়ে নিতে মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ করা হচ্ছে। অনলাইনে অনুদান দিতে tagleebedin.com/babri-masjid ওয়েবসাইটে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া বিকাশ ও নগদের মাধ্যমে 01737241621 নম্বরে অনুদান পাঠানো যাবে বলে জানানো হয়েছে। ব্যাংকের মাধ্যমে অনুদানের জন্য হিসাবের নাম Babri Masjid Dhaka এবং অ্যাকাউন্ট নম্বর 20506640200295607। ব্যাংক হিসেবে উল্লেখ করা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কলাতিয়া বাজার সাব-শাখা, ঢাকা।
অনুদানসংক্রান্ত তথ্যের জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে 01339-491061 নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হয়েছে।
