তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে আজ শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় আাসছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার এ সফর।
সফরের প্রথম দিনই প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আগে দুই সরকারপ্রধানের মধ্যে একান্ত আলাপেরও সম্ভাবনা রয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়া–সহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
ভুটানের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ সরকারের কয়েকজন উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
তিন দিনের সফর শেষে তিনি আগামী সোমবার (২৪ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন।
টিএইচএ/
