বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোনও আপত্তি বা বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, তারেক রহমান জানিয়েছেন যে দেশে ফেরার সিদ্ধান্ত এখনই তার জন্য সম্পূর্ণ খোলা বা এককভাবে নিয়ন্ত্রণাধীন নয়। এ বিষয়ে সরকারের কোনও বাধা আছে কি না জানতে চাইলে প্রেস সচিব শফিকুল আলম স্পষ্টভাবে জানান—তার বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে সরকারের তরফ থেকে কোনো প্রকার বিধিনিষেধ কিংবা আপত্তি নেই। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।
এর আগে, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মায়ের অসুস্থতা ও দেশে ফেরা প্রসঙ্গে অনুভূতি প্রকাশ করেন তারেক রহমান। তিনি লিখেন, সংকটময় সময়ে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা তারও রয়েছে, যেমন থাকে যেকোনো সন্তানের। কিন্তু এই বাস্তবতায় দেশে ফেরা নিয়ে তার সিদ্ধান্তের সুযোগ এককভাবে নির্ধারণযোগ্য নয় এবং বিষয়টির সংবেদনশীলতার কারণে বিস্তারিত ব্যাখ্যা দেওয়াও সীমিত। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেই তার স্বদেশ প্রত্যাবর্তন সম্ভব হবে।
টিএইচএ/
