ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির মামলায় নিজেকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন।
বিদেশি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নেতানিয়াহু দীর্ঘদিন ধরে চলমান তার দুর্নীতির মামলাগুলো থেকে অব্যাহতি চেয়ে প্রেসিডেন্টকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। তার দাবি, চলমান ফৌজদারি কার্যক্রম প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে এবং এই ক্ষমা ‘ইসরায়েলি সমাজের স্বার্থেই প্রয়োজন’।
ইসরায়েলি বিরোধীদলীয় নেতা ইয়ায়ির লাপিদ বলেন, নেতানিয়াহুর ক্ষমা পাওয়ার একমাত্র শর্ত হওয়া উচিত, তিনি যেন নিজের অপরাধ স্বীকার করেন, অনুতাপ প্রকাশ করেন এবং সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান।
এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর পক্ষে প্রেসিডেন্ট হারজগকে একটি চিঠি লিখে দুর্নীতির মামলাগুলো থেকে তাকে ক্ষমা দেওয়ার অনুরোধ করেন।
নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। তার আইনজীবীরা প্রেসিডেন্টের দপ্তরে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন যে, নেতানিয়াহু এখনো বিশ্বাস করেন যে, মামলার শেষ ফল হবে তার সম্পূর্ণ খালাস।
লিকুদ পার্টির পক্ষ থেকে প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, ‘আজ আমার আইনজীবীরা প্রেসিডেন্টের কাছে ক্ষমার আবেদন জমা দিয়েছেন। দেশের মঙ্গল কামনা করেন এমন যে কেউ এই উদ্যোগকে সমর্থন করবেন বলে আমি আশা করি।’
সূত্র: সিএনএন ও ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
