ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান

by Nur Alam Khan

লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার বহনকারী ফ্লাইটটি অবতরণ করে। ভিআইপি ফটক দিয়ে বিমানবন্দর ত্যাগ করে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের পথে রওনা হন ডা. জুবাইদা রহমান। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে তার আগমনকে ঘিরে বিমানবন্দর এলাকায় অপেক্ষা করছিলেন বিএনপির অনেক নেতাকর্মী।

বিজ্ঞাপন
banner

শুক্রবার দুপুরে খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল কাতার সরকারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটির। তবে কারিগরি ত্রুটির কারণে আজ সেটি আসতে পারেনি। রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তার সঙ্গে পরিবারের সদস্য হিসেবে থাকবেন ডা. জুবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

এছাড়া চিকিৎসক ও নিরাপত্তা টিমের সদস্য হিসেবে লন্ডনে যাবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. মো. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নূর উদ্দিন আহমদ, ডা. মো. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, এসএসএফ কর্মকর্তারা হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ, তারেক রহমানের সহকারী মো. আবদুল হাই মল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমান এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার।

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্তের বিষয়টি বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

স্বাস্থ্যের অবনতি হওয়ায় গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। তার চিকিৎসায় ইতোমধ্যে যুক্ত হয়েছেন লন্ডন ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা। এদিকে প্রতিদিনই হাসপাতালের বাইরে তার খোঁজখবর নিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ভিড় দেখা যাচ্ছে। দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষও সারাদিন হাসপাতালে অবস্থান করছেন।

টিএইচএ/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222