হাদির হামলাকারীরা শনাক্ত, যেকোনো সময় হতে পারে গ্রেফতার: ডিএমপি কমিশনার

by Abid

রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, হামলাকারীদের যেকোনো সময় গ্রেপ্তার করা হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার বলেন, “উই আর ভেরি ক্লোজ টু ডিটেক্ট। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। জড়িতদের যেকোনো সময় গ্রেপ্তার করা হবে।”

বিজ্ঞাপন
banner

এর আগে বিকেলে ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে ন্যক্কারজনক ও কাপুরুষোচিত উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়ে একটি বিজ্ঞপ্তি দেয় ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হয়ে হামলাকারীদের বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222