ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত

by Fatih Work

জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণ, নাগরদোলা, প্রীতি ভলিবল টুর্নামেন্টসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকাল ১০ টার দিকে প্রশাসন ভবন চত্বরে বিএনসিসি কর্তৃক প্রদত্ত গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। একই সময়ে অনুরূপভাবে হলসমূহে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করা হয়।

বিজ্ঞাপন
banner

পতাকা উত্তোলন শেষে প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য মুক্ত বাংলার পাদদেশে সমবেত হয়। পরবর্তীতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তবাংলায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ইইই বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মোহাম্মদ নজীবুল হকসহ অনুষদসমূহের ডিন, বিভিন্ন হল প্রাধ্যক্ষ ও বিভাগের শিক্ষকবৃন্দ।

পরে একে একে, জিয়া পরিষদ, ইউট্যাব, কর্মকর্তা-কর্মচারী সমিতি, শাখা ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনসহ আবাসিক হল ও বিভাগসমূহ স্মৃতিসৌধের পাদদেশে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

পরবর্তীতে শহিদ জিয়াউর রহমান স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শাখা ছাত্রদল, বিএনপিপন্থি বিভিন্ন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে শিক্ষক-কর্মকর্তা, সহায়ক কর্মচারী-সাধারণ কর্মচারী, সহায়ক টেকনিক্যাল কর্মচারী, সাধারণ কর্মচারী এবং আবাসিক হলগুলোর মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজয় দিবস উপলক্ষে ১৫ ও ১৬ ডিসেম্বর দুই দিন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসন ভবন, মুক্ত বাংলা, ডায়না চত্বর, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তর, ভিসি বাংলো ও আবাসিক হলসমূহ আলোকসজ্জিত করা হয়।

মুক্ত বাংলায় পুষ্প স্তবক অর্পণের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজকে মহান বিজয় দিবস। বাংলাদেশী এবং বাঙালী জাতির ইতিহাসে এটি শ্রেষ্ঠ দিন। আজকের দিনে স্মরণ করছি সেই সূর্য সন্তানদেরকে, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদেরকে, যাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের পাকিস্তানী হানাদার বাহিনীর বিপক্ষে বিজয় সূচিত হয়েছিল। আমরা বিজয় লাভ করেছিলাম এবং বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আজকে এই বিজয়ের এই দিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দকে আমি শুভেচ্ছা জানাচ্ছি।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222