ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ শরীফ ওসমান হাদি হল’ নামকরণ করেছেন শিক্ষার্থীরা। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের উদ্যোগে হল ভবনে নতুন নাম প্রদর্শন করা হয়।
এ সময় উপস্থিত শিক্ষার্থীরা সাদা রঙ দিয়ে ভবনের আগের নাম ঢেকে দেন। পাশাপাশি ফ্যাসিবাদ ও শেখ মুজিবুর রহমানের দেয়ালচিত্র ক্রেনের সাহায্যে মুছে ফেলা হয়। পরে সেখানে শহীদ ওসমান হাদির গ্রাফিতি অঙ্কন করা হয়।
শিক্ষার্থীরা বলেন, দেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন রাখা হবে না এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। তারা আরও দাবি করেন, ছাত্রসমাজ মুজিববাদের বিরোধিতার অবস্থান থেকে পিছু হটবে না।
হলের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ বলেন, আওয়ামী লীগের ঘৃণ্য রাজনৈতিক সহিংসতার অংশ হিসেবেই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি কৌশলে পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা চলছে, তবে বাংলার মাটিতে সেই সুযোগ আর দেওয়া হবে না।
এদিকে, দেশের চলমান সহিংস পরিস্থিতির দায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের ওপর বর্তেছে বলে মন্তব্য করেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
তিনি বলেন, দেশে আইনের শাসন অনুপস্থিত এবং বর্তমান সরকার কার্যত একটি পুতুল সরকারে পরিণত হয়েছে। একই সঙ্গে সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দাবি করে তিনি আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার দ্রুত পদত্যাগের আহ্বান জানান।
টিএইচএ/
