হাদির লাশ নলছিটিতে না নেওয়ায় মর্মাহত এলাকাবাসী

by Abid

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির দাফন সম্পন্ন হয়েছে গতকাল। তবে প্রিয় এই নেতাকে শেষবারের মতো নিজ এলাকায় দেখতে না পাওয়ায় গভীর শোক ও হতাশা প্রকাশ করেছেন ঝালকাঠির নলছিটির মানুষ।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়।

বিজ্ঞাপন
banner

এর আগে দুপুর ২টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজায় ইমামতি করেন।

ঝালকাঠির নলছিটির বাসিন্দা মনির হোসেন বলেন, হাদি ছিলেন এলাকার সবার প্রিয় একজন মানুষ। তার জানাজা নিজ উপজেলায় না হওয়ায় তারা অংশ নিতে পারেননি, যা তাদের জন্য অত্যন্ত কষ্টের। তিনি বলেন, সরকার তার চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করেছে, তবে লাশ নলছিটিতে এনে জানাজা শেষে ঢাকায় দাফন করা হলে এলাকাবাসীর শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ হতো।

 আলভী বলেন, হাদি নিয়মিত এলাকায় এসে তরুণদের সঙ্গে দেশ ও জাতির কল্যাণমূলক কাজ নিয়ে আলোচনা করতেন। তার জানাজা নলছিটিতে না হওয়ায় তরুণ সমাজ বিশেষভাবে মর্মাহত।

হাদির স্মরণে শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নলছিটি শহরের সব দোকানপাট বন্ধ রাখা হয়। উপজেলা ব্যবসায়ী সমিতির সদস্য শাহাদাত আলম ফকির বলেন, ওসমান হাদি নলছিটির গর্ব। তাকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। তাই তার প্রতি সম্মান জানিয়ে এই কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) তার মরদেহ দেশে আনা হয় এবং জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতালের মর্গে রাখা হয়। তার মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222