অধিকৃত পশ্চিম তীরে ১৯টি নতুন অবৈধ বসতি নির্মাণের অনুমোদন দেওয়ায় ইসরায়েলি সরকারের কড়া সমালোচনা করেছে যুক্তরাজ্য।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্যবিষয়ক মন্ত্রী হ্যামিশ ফকনার বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ১৯টি নতুন বসতি অনুমোদনের কারণে যুক্তরাজ্য ইসরায়েলি সরকারের নিন্দা জানাচ্ছে। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এসব বসতি সম্পূর্ণ অবৈধ।
ইসরায়েলি মন্ত্রিসভা অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ১৯টি বসতি স্থাপনের প্রস্তাবে অনুমোদন দেওয়ার পরই এই প্রতিক্রিয়া জানান তিনি। চরমপন্থী ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের দাবি অনুযায়ী, এই অনুমোদনের ফলে সাম্প্রতিক কয়েক বছরে অনুমোদিত নতুন বসতির মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৯টিতে।
হ্যামিশ ফকনার সতর্ক করে বলেন, এই সিদ্ধান্ত ২০ দফা শান্তি পরিকল্পনা এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। প্রকৃত ও স্থায়ী শান্তি কেবল দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমেই সম্ভব।
তিনি জানান, এখানে যে পরিকল্পনার কথা বলা হচ্ছে তা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজায় ইসরায়েলি যুদ্ধ বন্ধের রোডম্যাপ।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতিস্থাপনকারীদের হামলায় অন্তত ১,১০২ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১১ হাজার মানুষ আহত হয়েছেন। এ সময়ের মধ্যে প্রায় ২১ হাজার ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক ও দৃষ্টান্তমূলক মতামতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে নির্মিত সব অবৈধ বসতি খালি করার আহ্বান জানায়।
এর আগে, বেজালেল স্মোটরিচ পূর্ব জেরুজালেমে ৩,৬০০ আবাসিক ইউনিট নিয়ে একটি নতুন অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনাও অনুমোদন করেছিলেন। সে সময় এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এই বসতিটি একটি কৌশলগত ঘাঁটি, যা পূর্ব দিক থেকে জেরুজালেমকে সুরক্ষা দেবে। পাশাপাশি এটি অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি নিয়ন্ত্রণ আরও জোরদার করার নীতির অংশ।
সূত্র: টিআরটি গ্লোবাল।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
