বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী গাড়ি গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে লাল-সবুজ পতাকায় আবৃত গাড়িটি সকাল ৯টার কিছু আগে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করে।
প্রথমে খালেদা জিয়ার মরদেহ তার দীর্ঘদিনের আবাসস্থল ‘ফিরোজা’য় নেওয়ার পরিকল্পনা থাকলেও পরে গাড়িটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে দলীয় নেতা-কর্মী ও পরিবারের সদস্যরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।
এদিকে, দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদের খতিব । পরে বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উপলক্ষে সাধারণ মানুষের প্রবেশ সীমিত থাকবে। নিরাপত্তাজনিত কারণে জানাজা ও দাফনস্থলে কোনো ধরনের ব্যাগ কিংবা ভারী জিনিসপত্র বহন না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
টিএইচএ/
