ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশ-বিদেশে অবস্থানরত সব বাংলাদেশি ও বিশ্ববাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) নববর্ষ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই শুভকামনা জানান। বাণীতে মুহাম্মদ ইউনূস বলেন, নতুন বছরে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক। তিনি কামনা করেন, আগত বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
প্রধান উপদেষ্টা বলেন, নববর্ষ মানেই নতুন আশা, নতুন স্বপ্ন ও নতুন সম্ভাবনার সূচনা। নতুন বছরের আগমন অতীতের গ্লানি ভুলে সামনে এগিয়ে যাওয়ার জন্য মানুষকে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা দেয়।
একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে সবাই যেন সর্বশক্তি নিয়োগ করে—এই অঙ্গীকার নতুন বছরে আরও দৃঢ় হবে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সাম্য, ন্যায় ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বাণীতে আরও উল্লেখ করা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত বাস্তবতায় নতুন বছর জাতীয় জীবনে বিশেষ তাৎপর্য বহন করছে। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থা সংস্কার করে গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা শুরু হয়েছে, তা নতুন বছরে একটি জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মাধ্যমে পূর্ণতা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সবশেষে প্রধান উপদেষ্টা বলেন, সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে এই নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে—নতুন বছরে এটিই জাতির সবচেয়ে বড় প্রত্যাশা।
টিএইচএ/
