আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী কে হবেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। বিএনপির সাবেক সংসদ সদস্য নাছির চৌধুরী, বিএনপির আরেক নেতা তাহির রায়হান চৌধুরী পাভেল, নাকি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা ড. শুয়াইব আহমদ—এই প্রশ্ন এখন সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু।
জানা গেছে, প্রথমে বিএনপির পক্ষ থেকে সাবেক এমপি নাছির চৌধুরীকে প্রার্থী ঘোষণা করা হয়। পরে শেষ সময়ে পাভেলকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। অপরদিকে, বিএনপি জোটের অন্যতম শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তাদের যুগ্ম মহাসচিব মাওলানা ড. শুয়াইব আহমদকে দলীয় মনোনয়ন প্রদান করে।
জোটের এই তিনজন প্রার্থীই মনোনয়নপত্র দাখিল করেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন তিনজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করে। এরপর থেকেই প্রশ্ন উঠছে—শেষ পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোটের চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন?
জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা ড. শুয়াইব আহমদ দীর্ঘদিন ধরে দিরাই-শাল্লা এলাকায় সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। জমিয়তের একটি শক্তিশালী নিজস্ব ভোটব্যাংক রয়েছে। এটি একটি প্রাচীন ইসলামী রাজনৈতিক সংগঠন, যার সিলেট ও সুনামগঞ্জ জেলায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।
এ প্রসঙ্গে মাওলানা ড. শুয়াইব আহমদ বলেন, “আমাদের দল বিএনপি নেতৃত্বাধীন জোটে নির্বাচনে অংশগ্রহণ করছে। জোটের পক্ষ থেকে চারজন প্রার্থী মনোনয়নপ্রাপ্ত হয়েছেন। আমি আশাবাদী, আমার আসনে যদি আমাকে জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা করা হয়, তাহলে সহজেই বিজয় অর্জন করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “এই আসন নিয়ে বিএনপির হাইকমান্ডের সঙ্গে আমার দলের শীর্ষ নেতৃবৃন্দ বারবার যোগাযোগ ও লিয়াজোঁ করে যাচ্ছেন। আমি দৃঢ়ভাবে আশাবাদী যে, শেষ পর্যন্ত আমাকে এই এলাকার বিএনপি জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।
হাআমা/
