গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তে বিরোধিতা করায় ইউরোপের আরও আটটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্কের আওতায় পড়েছে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও গ্রেট ব্রিটেন।
শনিবার (১৭ জানুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। তিনি বলেন, তালিকাভুক্ত দেশগুলোর যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত সব ধরনের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যা কার্যকর হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। পরে ধাপে ধাপে এই শুল্ক আরও বাড়ানো হবে এবং আগামী জুন নাগাদ তা ২৫ শতাংশে পৌঁছাবে বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে ট্রাম্প দাবি করেন, ডেনমার্কসহ ইউরোপের কয়েকটি দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থার সুবিধা ভোগ করে আসছে। তার ভাষ্য অনুযায়ী, এখন সেই সুবিধার মূল্য পরিশোধ করার সময় এসেছে। গ্রিনল্যান্ড প্রসঙ্গে তিনি বলেন, চীন ও রাশিয়ার মতো শক্তিধর দেশগুলো অঞ্চলটি দখলে নিতে আগ্রহী হলেও ডেনমার্ক এককভাবে এর নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, বর্তমানে গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত দুর্বল এবং যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ সেখানে কার্যকর নিরাপত্তা দিতে সক্ষম নয়। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কিনতে সম্মতি না দেওয়া পর্যন্ত ইউরোপীয় দেশগুলোর ওপর এই শুল্কবৃদ্ধির সিদ্ধান্ত বহাল থাকবে।
এদিকে ট্রাম্পের ঘোষণার তীব্র সমালোচনা করেছেন ইউরোপের একাধিক দেশের রাজনৈতিক নেতারা। তাদের মতে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য নীতির পরিপন্থী এবং কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের শামিল। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের আশঙ্কা, এই শুল্ক আরোপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হতে পারে।
টিএইচএ/
