হাসান আল মাহমুদ >>
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান শাইখুল হাদিস মাওলানা আব্দুল কাদির তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সৎ নেতৃত্ব, দুর্নীতিমুক্ত প্রশাসন, কৃষক-জনবান্ধব উন্নয়ন এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষাকে গুরুত্ব দিয়ে ১৩ দফার এই ইশতেহার উপস্থাপন করা হয়।
ইশতেহারের প্রথম দফায় সৎ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। জনপ্রতিনিধির সব কার্যক্রম জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা এবং ঘুষ-দালালিমুক্ত সেবা নিশ্চিতে নিয়মিত গণশুনানি ও অভিযোগ গ্রহণ ব্যবস্থার কথা বলা হয়েছে।
রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বরুড়ার গ্রামীণ ও ইউনিয়ন পর্যায়ের ভাঙাচোরা সড়ক অগ্রাধিকারভিত্তিতে টেকসইভাবে সংস্কার এবং বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রমুখী সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
কৃষকদের স্বার্থ রক্ষায় সার, বীজ ও কৃষি উপকরণের কৃত্রিম সংকট নিয়ন্ত্রণ, ন্যায্যমূল্যে ফসল ক্রয়, সহজ শর্তে কৃষিঋণ এবং আধুনিক কৃষি প্রশিক্ষণ নিশ্চিত করার কথা ইশতেহারে উল্লেখ করা হয়।
তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষমতায়নের লক্ষ্যে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপন এবং স্থানীয় উদ্যোক্তা ও ক্ষুদ্র শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথাও জানানো হয়।
শিক্ষা খাতে স্কুল-কলেজে শিক্ষক সংকট নিরসন, মাদরাসা ও সাধারণ শিক্ষার সমন্বয় এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও শিক্ষা সহায়তা জোরদারের অঙ্গীকার করা হয়েছে।
স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ও ওষুধ নিশ্চিত করা, মা ও শিশুসহ অসহায় রোগীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা তহবিল গঠন এবং স্বল্প খরচে চিকিৎসা পরীক্ষার ব্যবস্থার কথা বলা হয়।
নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, মেয়েদের শিক্ষা ও কর্মসংস্থানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এছাড়া দারিদ্র্য বিমোচনে ভাতা ও সামাজিক সহায়তা প্রকৃত প্রাপকদের হাতে পৌঁছানো, এতিম, বিধবা, প্রতিবন্ধী ও অসহায়দের জন্য বিশেষ সুরক্ষা কর্মসূচি জোরদারের কথা বলা হয়।
ইশতেহারে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ও উন্নয়নে সহযোগিতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ঐক্য রক্ষার অঙ্গীকার করা হয়েছে।
মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ দমনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং যুবসমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার পরিকল্পনাও তুলে ধরা হয়।
বাজার ব্যবস্থাপনায় সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত ও নিয়মিত বাজার তদারকির কথাও ইশতেহারে উল্লেখ রয়েছে।
সবশেষে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা, জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা এবং পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিকল্পিত বরুড়া গড়ার অঙ্গীকার করেন ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান শাইখুল হাদিস মাওলানা আব্দুল কাদির।
হাআমা/
