নাটকীয়তার অবসান, ভারতের বিপক্ষে মাঠে নামতে রাজি পাকিস্তান

by Fatih Work

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের অনিশ্চয়তা ও নাটকীয়তার অবশেষে অবসান ঘটল। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচ খেলতে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানিয়েছে পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নির্ধারিত সূচি অনুযায়ীই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ মাঠের লড়াইয়ে নামছে।

বিজ্ঞাপন
banner

এর আগে, বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়া আইসিসি’র সিদ্ধান্তের প্রতিবাদে এবং বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান সরকার তাদের দলকে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কটের নির্দেশ দিয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব না দিয়ে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর থেকেই ক্রিকেট বিশ্বে এই অচলাবস্থার সৃষ্টি হয়। তবে গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান, বাংলাদেশ, আইসিসি এবং সহযোগী দেশগুলোর ক্রিকেট বোর্ডের মধ্যে দফায় দফায় আলোচনার পর সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজেদের অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এই বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছিলেন। সেখানে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর না দিলেও ইতিবাচক সিদ্ধান্তের আভাস দেন। পরে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সব সময়ই ভালো খবর দিই।’ নাকভি আরও স্পষ্ট করেন যে, বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানকে এই ম্যাচটি খেলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের অবস্থানের জন্য লড়াই করছিলাম, নিজেদের ব্যক্তিগত লাভের জন্য নয়। যেহেতু বাংলাদেশ এখন অনুরোধ করেছে এবং তাদের সমস্যার সমাধান হয়েছে, তাই আমরাও মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছি।’

যদিও ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে যে, পাকিস্তান এই সমঝোতার বিনিময়ে ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ পুনরারম্ভসহ তিনটি বিশেষ দাবি জানিয়েছিল, যা আইসিসি প্রত্যাখ্যান করেছে। শেষ পর্যন্ত আইসিসি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, সকল সদস্য দেশ তাদের প্রতিশ্রুতি বজায় রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপ সফল করতে একমত হয়েছে। কূটনৈতিক সমঝোতা ও বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে পাকিস্তানের এই ‘ইউটার্ন’ চলতি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচটিকে আবারও আলোর মুখ দেখাল।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222