নয়া মন্ত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে গাড়ি

by Fatih Work

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানকে ঘিরে প্রয়োজনীয় সংখ্যক সরকারি গাড়ি প্রস্তুত করছে সরকারি যানবাহন অধিদপ্তর। তবে ঠিক কতগুলো গাড়ি ব্যবহার করা হবে, সে বিষয়ে শপথের দিন মন্ত্রিপরিষদ বিভাগ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন
banner

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আবদুল গণি রোডে অবস্থিত যানবাহন অধিদপ্তরে দেখা গেছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ব্যবহার করতেন এমন গাড়িসহ মোট ৫০টি গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত রাখা হচ্ছে। বর্তমানে দায়িত্বে থাকা উপদেষ্টাদের মধ্যে ১০ থেকে ১২ জন তাদের ব্যবহৃত গাড়ি অধিদপ্তরে জমা দিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যসংখ্যার চেয়ে কিছু বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়, যাতে ভিভিআইপি প্রটোকল অনুসারে কোনো গাড়ি বিকল বা দুর্ঘটনায় পড়লে তাৎক্ষণিক বিকল্প পাঠানো যায়।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য মনোগ্রাম ও পতাকা স্ট্যান্ড সংযুক্ত গাড়ি প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তিদের বাসা থেকে বঙ্গভবনে আনা-নেওয়ার কাজেও এসব গাড়ি ব্যবহার করা হবে। প্রাথমিকভাবে সর্বোচ্চ ৫০ সদস্যের মন্ত্রিসভা ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খায়রুল কবীর মেনন জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। সাধারণত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ল্যান্ডক্রুজার ও কেমব্রিজ মডেলের গাড়ি ব্যবহার করেন। বর্তমানে প্রস্তুত থাকা গাড়িগুলো নতুন নয়; অধিকাংশই প্রায় ১০ বছরের পুরোনো। নতুন কোনো গাড়ি কেনা হয়নি বলেও তিনি জানান।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বলে দলীয়ভাবে ঘোষণা দেওয়া হয়েছে। ইতোমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222