সিরাজগঞ্জ সদর উপজেলায় মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে বিবাদের জেরে একটি জামে মসজিদে তালা দেওয়ার নজিরবিহীন ঘটনা ঘটেছে।
এর ফলে রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজ মসজিদের ভেতরে পড়তে পারেননি সাধারণ মুসল্লিরা। বাধ্য হয়ে তারা মসজিদের বাইরে খোলা জায়গায় নামাজ আদায় করেন।
ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পেচিবাড়ি জামে মসজিদে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই মসজিদে জামায়াত সমর্থিত আব্দুল হাইকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তাঁর কেরাত ও নামাজ পড়ানোর ধরণ নিয়ে স্থানীয় মুসল্লিদের একটি বড় অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। গ্রামবাসীর পক্ষ থেকে তারাবি নামাজের জন্য অন্য একজন ইমাম নিয়োগের দাবি উঠলে স্থানীয় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। বিষয়টি নিয়ে একাধিকবার বসার চেষ্টা করা হলেও কোনো পক্ষই সমঝোতায় পৌঁছাতে পারেনি।
বিএনপি সমর্থিত স্থানীয় নেতারা অভিযোগ করেন, শনিবার রাতে গ্রামবাসীর সিদ্ধান্তে নতুন একজন ইমামের পেছনে মাগরিব ও এশার নামাজ আদায় করা হয়। এর প্রতিক্রিয়ায় জামায়াত সমর্থিত পক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে রাতে মসজিদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। যার ফলে ভোরে সেহরি খেয়ে মুসল্লিরা নামাজ পড়তে এসে চরম ভোগান্তির শিকার হন।
বাগবাটি ইউনিয়ন জামায়াতের আমির মো. ছানোয়ার হোসেন ঘটনাটিকে দুঃখজনক ও নিন্দনীয় উল্লেখ করে জানান, বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি দ্রুতই স্থানীয় বিএনপি নেতাদের সাথে বসে এর সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে দুপুরে সদর থানা পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে পুনরায় নামাজের পরিবেশ ফিরিয়ে আনেন।
সিরাজগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক শফিকুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে তালা খুলে দেওয়া হয়েছে। কে বা কারা এই ন্যাক্কারজনক কাজের সাথে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে এবং সঠিক তথ্য পেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিএইচএ/
