মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই ইরানের অভ্যন্তরে বড় ধরনের স্থল অভিযান চালানোর পরিকল্পনার কথা জানিয়েছে ইরাকভিত্তিক ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠী।
শনিবার (৭ মার্চ) আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানি কুর্দিস্তানের ‘খাবাত’ সংগঠনের মহাসচিব বাবাশেখ হোসেইনি এই পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরাকভিত্তিক কুর্দি যোদ্ধারা ইরানে সরাসরি স্থল অভিযান চালানোর প্রবল সম্ভাবনা রয়েছে এবং এ বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বাবাশেখ হোসেইনি দাবি করেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। মার্কিন প্রশাসন মূলত মধ্যস্থতাকারী এবং অন্যান্য কুর্দি প্রতিনিধিদের মাধ্যমে জানতে চেয়েছে যে, ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে মোকাবিলার কার্যকর উপায় কী হতে পারে এবং ভবিষ্যতে উভয় পক্ষ কোনো যৌথ লক্ষ্য নিয়ে কাজ করতে পারবে কি না। যদিও এখন পর্যন্ত সরাসরি কোনো অপারেশনাল বৈঠক হয়নি, তবে হোসেইনি মনে করেন, পরিস্থিতি বর্তমানে তাদের অনুকূলে থাকায় এই অভিযানের সম্ভাবনা বহুগুণ বেড়ে গেছে।
তবে এখনই কোনো আক্রমণাত্মক অভিযান শুরু হয়নি জানিয়ে হোসেইনি বলেন, “স্থল অভিযানের দিকে এগোনোর সম্ভাবনা খুবই বেশি হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।” তিনি আরও উল্লেখ করেন যে, আধুনিক যুদ্ধের জন্য তাদের কাছে বর্তমানে কেবল মৌলিক ও পুরোনো সামরিক সরঞ্জাম রয়েছে। ইরানের মতো শক্তিশালী সামরিক বাহিনীকে মোকাবিলা করতে হলে তাদের উন্নত প্রযুক্তির অস্ত্র, বিস্ফোরক এবং আধুনিক সামরিক সরঞ্জামের প্রয়োজন। ভবিষ্যতে সরাসরি কোনো বৈঠক হলে এই অভিযানগুলো ‘অপারেশনাল’ পর্যায়ে রূপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
টিএইচএ/
