মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি গেস্ট হাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৫ জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে দিগুড়া আইল্যান্ডের একটি আবাসিক গেস্ট হাউসে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে আরও দুই বাংলাদেশি গুরুতর দগ্ধ হয়েছেন, যাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত বাংলাদেশিরা হলেন, তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। এ ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে হঠাৎ বিকট শব্দে গেস্ট হাউসের ভেতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ভেতরে থাকা কর্মীরা আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয় উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা।
মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে একজনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তাদের দুজনের শারীরিক অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক। তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইকমিশনের একটি বিশেষ প্রতিনিধিদল দুর্ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ের মধ্যে তাদের মরদেহ বাংলাদেশে পরিবারের কাছে পাঠানোর প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
টিএইচএ/
