মহান আল্লাহর সন্তুষ্টি ও আধ্যাত্মিক প্রশান্তির অন্বেষণে যশোরে একসঙ্গে ইতেকাফে বসেছেন ৮০ জন বিদেশি মেহমানসহ ১ হাজার ৬৪৪ জন ধর্মপ্রাণ মুসল্লি। যশোর সদর উপজেলার সতীঘাটা এলাকার ঐতিহ্যবাহী আশরাফুল মাদারিস মসজিদে বিশাল এই ইতেকাফের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, গত ২০ রমজানের রাত থেকে মুসল্লিরা ইবাদত-বন্দেগির উদ্দেশ্যে মসজিদে অবস্থান নিয়েছেন। বিপুল সংখ্যক মুসল্লির এই সমাগমে পুরো এলাকায় এক অনন্য ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে।
মাদ্রাসার শিক্ষক মাওলানা হাসান ইমাম জানান, এ বছর ইতেকাফে অংশগ্রহণকারীদের মধ্যে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, পানামা, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের ৮০ জন বিদেশি মেহমান রয়েছেন। তারা রমজানের শুরু থেকেই এই মাদ্রাসায় অবস্থান করছেন। এছাড়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিসহ আরও ১ হাজার ৫৬৪ জন ইতেকাফ করছেন। আবাসন নিশ্চিত করতে মাদ্রাসার চারতলা মসজিদটি ব্যবহৃত হচ্ছে। তবে মুসল্লির সংখ্যা ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় মসজিদের ছাদে ত্রিপল টাঙিয়ে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিরা সেখানে জিকির, তিলাওয়াত ও নফল ইবাদতে মগ্ন রয়েছেন।
মাদ্রাসার মহাপরিচালক মাওলানা নাসিরুল্লাহ জানান, যশোরের বিত্তবানদের সহযোগিতা এবং মুসল্লিদের নিজস্ব অর্থায়নে সেহরি ও ইফতারসহ খাবারের যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরও জানান, ইরান যুদ্ধের কারণে সৃষ্ট ফ্লাইট বিপর্যয় ও ভিসা জটিলতায় আমন্ত্রিত অনেক বিদেশি মেহমান আসতে পারেননি। তবুও যারা আসতে পেরেছেন, তারা ঈদের নামাজ আদায় শেষে নিজ নিজ গন্তব্যে ফিরবেন। ঐতিহ্য অনুযায়ী সকল মুসল্লি স্থানীয় সতীঘাটা ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। বিশাল এই ধর্মীয় আয়োজনকে স্থানীয়রা রহমত ও বরকত হিসেবে দেখছেন।
উল্লেখ্য, এই মাদ্রাসায় বর্তমানে প্রায় ২ হাজার শিক্ষার্থী দীনি শিক্ষা গ্রহণ করছে।
টিএইচএ/
