নতুন কৌশলে ফিলিস্তিনীদের হত্যা করছে ইসরায়েল

by Abid

গাজায় ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের পাশবিক নির্যাতনের একটি ভিডিও সম্প্রতি ফাঁস করেছেন ডেভিড ম্যাকিনটোশ নামে এক ব্রিটিশ সেনা। তিনি গাজায় ‘গাজা হিউম্যানিটেরিয়ান’ নামক সংস্থার অধীনে ত্রাণ কার্যক্রমের নিরাপত্তায় নিয়োজিত একটি যৌথ বাহিনীর সদস্য হিসেবে কাজ করেছিলেন। ভিডিওটিতে দেখা যায়, ত্রাণ বিতরণ কেন্দ্রে অপেক্ষমাণ ক্ষুধার্ত সাধারণ মানুষের ওপর কোনো উস্কানি ছাড়াই ইসরায়েলি সেনারা ট্যাংক থেকে সরাসরি গুলি চালাচ্ছে। ম্যাকিনটোশ একে ‘নিছক বিনোদনের জন্য চালানো হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন।

ব্রিটিশ এই সেনা সদস্য তার ইনস্টাগ্রাম পেজে ভিডিওগুলো পোস্ট করে এক দীর্ঘ বার্তায় জানান, গাজায় ত্রাণ বিতরণের কাজ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর এই চরম বর্বরতা দেখা ছিল অত্যন্ত পীড়াদায়ক। তিনি বলেন, সেখানে দায়িত্বরত আমেরিকান এলিট সেনাদের সাথে কাজ করা সম্মানের হলেও তাদের চারপাশ ঘিরে থাকা ইসরায়েলি সেনারা ছিল নির্দয়। তারা প্রকাশ্যে বেসামরিক মানুষের ওপর গুলি চালাতো এবং ত্রাণ কার্যক্রমে বাধা সৃষ্টি করার জন্য যা যা প্রয়োজন তার সবই করতো। ম্যাকিনটোশের দাবি, ইসরায়েলি বাহিনী অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে সেখানে মানবতাবিরোধী ‘যুদ্ধাপরাধ’ সংঘটিত করেছে।

বিজ্ঞাপন
banner

ফাঁস হওয়া এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গাজার বাসিন্দারা বিভিন্ন মন্তব্যে জানিয়েছেন, এই ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো কার্যত ‘মৃত্যুর ফাঁদে’ পরিণত হয়েছিল। ফিলিস্তিনি সরকারি তথ্য অনুযায়ী, গত দুই বছরে ত্রাণ নিতে এসে ইসরায়েলি গুলিতে মোট ১ হাজার ৫০৬ জন শহীদ হয়েছেন, যার মধ্যে ১ হাজার ১০৯ জনই প্রাণ হারিয়েছেন এই বিতর্কিত আমেরিকান প্রতিষ্ঠানের বিতরণ কেন্দ্রগুলোর সামনে। এই মৃতদের মধ্যে ২২৫ জন শিশু ও ৩২ জন বৃদ্ধ রয়েছেন। ফিলিস্তিনিদের অভিযোগ, ত্রাণের নামে তাদের প্রকাশ্য স্থানে ডেকে এনে ইসরায়েলি বাহিনীর জন্য সহজ শিকারে পরিণত করা হয়েছিল।

তথ্যসূত্র: আল জাজিরা

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222