সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ আইয়ুব মিয়া।
সোমবার (১৬ মার্চ) ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তার পদত্যাগপত্র জমা দেন। ব্যাংকটির যাত্রা শুরুর অল্প সময়ের মাথায় শীর্ষ পর্যায়ের এই পরিবর্তনের খবরটি ব্যাংকিং খাতে বেশ আলোচনার সৃষ্টি করেছে। মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগপত্রে তার ব্যক্তিগত সীমাবদ্ধতার কথা উল্লেখ করে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠিত হওয়ার পর মোহাম্মদ আইয়ুব মিয়াকে প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার নেতৃত্বে ব্যাংকটি প্রাথমিক সাংগঠনিক কার্যক্রম শুরু করে। তবে নিয়োগের মাত্র কয়েকমাসের মধ্যেই তিনি এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। তার পদত্যাগের পর ব্যাংকটির পরবর্তী চেয়ারম্যান কে হতে যাচ্ছেন, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আইয়ুব মিয়ার পদত্যাগপত্রটি গ্রহণ করেছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় নতুন চেয়ারম্যান নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হতে পারে। দেশের নতুন প্রজন্মের এই ইসলামী ব্যাংকটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এখন নতুন নেতৃত্বের অপেক্ষা করছেন এর স্টেকহোল্ডাররা। পদত্যাগ বিষয়ে মোহাম্মদ আইয়ুব মিয়ার পক্ষ থেকে বিস্তারিত আর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
টিএইচএ/
