দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় বিভিন্ন ইসলামি সংগঠনের শোক

by hsnalmahmud@gmail.com

আব্দুল্লাহ কাসিম আজওয়াদ >>

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৭ জন শিশু ও ৭ জন পুরুষ রয়েছেন। এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার খবর প্রকাশের পর বিভিন্ন ইসলামি সংগঠন পৃথক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল এবং জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান নিহতের সংখ্যা নিশ্চিত করেন। জেলা প্রশাসনের তথ্যমতে, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে এড়াতে নৌপথ ও ফেরি ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।

বাংলাদেশ খেলাফত মজলিস 

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ এক বিবৃতিতে দৌলতদিয়া ফেরিঘাটের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ ছিল না বলেই এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দীর্ঘদিন ধরে অবকাঠামোগত দুর্বলতা, ফেরির যান্ত্রিক ত্রুটি ও তদারকির অভাব রয়েছে। এছাড়া উদ্ধার কার্যক্রমের ধীরগতিও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের দাবি জানান খেলাফত মজলিস মহাসচিব।

এছাড়া খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরও পৃথক শোকবাণীতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এতোগুলো যাত্রী নিয়ে একটি বাস নদীতে ডুবে যাওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। তিনি নিহতদের জন্য দোয়া করেন এবং আল্লাহর কাছে তাদের শাহাদাতের মর্যাদা কামনা করেন। পাশাপাশি এ ঘটনায় কারও অবহেলা কিংবা পদ্ধতিগত ত্রুটি ছিল কি না তা তদন্ত করে দেখার আহ্বান জানান তিনি।

পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ

দাওয়াতি ও মানবিক সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশও এ দুর্ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটির আমীর শায়খ ড. শহীদুল ইসলাম ফারুকী বলেন, একের পর এক দুর্ঘটনা প্রমাণ করে নিরাপদ সড়ক ও নৌ-ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল হওয়া জরুরি।

তিনি দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা, দুর্ঘটনার কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ফায়ার সার্ভিস, নৌবাহিনীসহ উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামর্থ্যবানদের দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায় সংগঠনটি।

সার্বিক উদ্বেগ ও দাবি

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় ইসলামি সংগঠনগুলো একদিকে নিহতদের জন্য দোয়া ও শোক প্রকাশ করেছে, অন্যদিকে দুর্ঘটনার পেছনে অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা এবং কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি তুলে ধরে দ্রুত তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে।

এদিকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিহতদের পরিবারগুলোতে চলছে শোকের মাতম। দেশবাসীও এ ঘটনায় গভীরভাবে মর্মাহত।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222