দেশের মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে আলিয়া মাদরাসায় বাণিজ্য বিভাগ চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (১ এপ্রিল) জাতীয় শিক্ষাক্রম কমিটির (এনসিসি) এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং এনসিসির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, মাদরাসা শিক্ষায় নতুন এই বিভাগ যুক্ত হলে মূলত চারটি প্রধান বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এগুলো হলো, অ্যাকাউন্টিং (হিসাববিজ্ঞান), ফিন্যান্স (অর্থায়ন), মার্কেটিং (বিপণন) ও ম্যানেজমেন্ট (ব্যবস্থাপনা)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাণিজ্য বিভাগ একযোগে সব মাদরাসায় চালু না করে শুরুতে পরীক্ষামূলকভাবে নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করা হবে। সেখানে সফলভাবে কার্যক্রম পরিচালিত হওয়ার পর পর্যায়ক্রমে দেশের সকল আলিয়া মাদরাসায় এটি সম্প্রসারণ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগের মাদরাসা অনুবিভাগের এক যুগ্ম সচিব জানান, মূলত বিগত অন্তর্বর্তী সরকারের আমল থেকেই মাদরাসায় বাণিজ্য বিভাগ চালুর বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছিল। এরই ধারাবাহিকতায় গতকাল অংশীজনদের নিয়ে আয়োজিত সভায় নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত প্রয়োজনীয় শিক্ষা কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের পরবর্তী ধাপগুলো শুরু হবে বলে মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
টিএইচএ/
