আফগানিস্তানের চার সীমান্তে রেলওয়ে ক্রসিংয়ের মাধ্যমে বাণিজ্যিক পণ্য পরিবহনে ব্যাপক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বিগত এক বছরে এই পরিবহনের পরিমাণ ৩৯.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
রোববার আফগান গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আশরাফ হকশেনাস এক বিবৃতিতে জানান, গত এক বছরে হাইরাতান, আকিনা, তোরগুন্দি এবং খাফ-হেরাত রেললাইনের মাধ্যমে মোট ৬১ লাখ ১৯ হাজার ৪৯৭ মেট্রিক টন কার্গো পরিবহন করা হয়েছে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, গত বছর এই চারটি বন্দরের মাধ্যমে প্রায় ৪৩ লাখ মেট্রিক টন পণ্য পরিবহন করা হয়েছিল। তবে চলতি বছরে তা বৃদ্ধি পেয়ে ৬১ লাখ ১৯ হাজার ৪৯৮ মেট্রিক টনে উন্নীত হয়েছে। মূলত আমদানি পণ্যের তালিকায় ছিল জ্বালানি তেল, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, গম, ময়দা, রান্নার তেল, সিমেন্ট, সিরামিক টাইলস, চিনি, কাগজ এবং অন্যান্য নির্মাণ সামগ্রী।
রপ্তানি ও ট্রানজিট পণ্যের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে। বিগত বছরে রেলপথের মাধ্যমে প্রায় ৭৪ হাজার ৭৫২ মেট্রিক টন বাণিজ্যিক পণ্য বিদেশে পাঠানো হয়েছে। এসব রপ্তানি পণ্যের মধ্যে প্রধান ছিল শুকনো ফল, চাল, আলু, খনিজ দ্রব্য, তরমুজের বীজ, ছোলা, তামা এবং ডালিমের রস।
টিএইচএ/
