জবিতে অনলাইনে সেমিস্টার ফলাফল সেবা চালু: ঘরে বসেই রেজাল্ট পাবেন শিক্ষার্থীরা

by Abid

রাকিব মাহী, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল দেখার প্রক্রিয়া আরও সহজ ও আধুনিক করতে অনলাইন স্টুডেন্ট পোর্টাল ব্যবস্থা চালু করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপাচার্য দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ভিউ সেমিস্টার রেজাল্ট’ মডিউলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীবান্ধব সেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করছে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো স্থান থেকে অনলাইনে সহজেই তাদের পরীক্ষার ফলাফল দেখতে পারবে। ভবিষ্যতে সনদপত্র ও মার্কশিট উত্তোলন প্রক্রিয়াও আরও দ্রুত ও স্বয়ংক্রিয় করা হবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন। ট্রেজারার তার বক্তব্যে বলেন, এই উদ্যোগের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রযুক্তিনির্ভর সেবায় আরও এক ধাপ এগিয়ে গেল। এটি শিক্ষার্থীদের জন্য ফলাফল দেখার প্রক্রিয়াকে দ্রুত, সহজ ও স্বচ্ছ করবে। এছাড়া বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। তারা বলেন, এই অনলাইন ব্যবস্থা চালুর ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই ফলাফল জানতে পারবে, যা প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধি করবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সহকারী প্রোগ্রামার প্রজেক্টরের মাধ্যমে স্টুডেন্ট পোর্টালে ফলাফল দেখার পদ্ধতি সরাসরি প্রদর্শন করেন। এ সময় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং কারিগরি বিষয়ে তাৎক্ষণিকভাবে উত্তর প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, জকসু নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এই আধুনিকায়নের ফলে এখন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীকে ফলাফল জানতে আর সংশ্লিষ্ট বিভাগে সশরীরে উপস্থিত হতে হবে না।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222