জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার তাকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। এ সময় তিনি সারজিস আলমের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
আল্লামা মামুনুল হক এক বার্তায় জানান, প্রায় দেড় বছর আগে তিনি নিজেও একই হাসপাতালে ভর্তি ছিলেন। তখন সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ তাকে দেখতে এসেছিলেন।
তিনি বলেন, কাকতালীয়ভাবে এবার সারজিস আলমও একই সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সারজিসের বর্ণনা শুনে তিনি বুঝতে পেরেছেন, যেভাবে তীব্র ব্যথা ও অস্থির যন্ত্রণায় তিনি হঠাৎ হাসপাতালে যেতে বাধ্য হয়েছিলেন, সারজিসও একই পরিস্থিতির মধ্য দিয়ে হাসপাতালে এসেছেন।
আল্লামা মামুনুল হক জানান, সারজিস আলমের চিকিৎসা সম্পন্ন হয়েছে। দ্রুতই তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় তিনি সারজিস আলমের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন।
হাআমা/
