নিজস্ব প্রতিবেদক :: শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আহূত এক সভায় ‘সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারী)’ পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতায় আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর দাওরায়ে হাদীস অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৬ মে) অনুষ্ঠিত এ সভায় জানানো হয়, দেশের আলিয়া মাদরাসাগুলোতে কুরআন শিক্ষাদানের জন্য ১৩ হাজারের বেশি সহকারী মৌলভী নিয়োগের বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী এ পদের বেতন গ্রেড হবে ১০। এ বিষয়ে জানতে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ কেন্দ্রীয় অফিসে মোবাইল ফোনে যোগাযোগ করলে অফিস কর্মকর্তা সত্যতা আছে বলেন। তিনি বলেন, মন্ত্রণালয়ে আলোচনার বিষয়ে হাইয়ার নির্ধারিত ফেসবুক পেজে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়, ‘সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারী)’ পদে আবেদন করতে হলে আল-হাইআতুল উলয়ার দাওরায়ে হাদীসের সনদের পাশাপাশি আল-হাইআতুল উলয়ার অধীন ৬ বোর্ডের ‘ইলমে কেরাত’ অথবা ‘তাহফীজুল কুরআন’-এর সনদও আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ দাউদ মিয়া (এনডিসি)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশে কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান-এর নেতৃত্বে বোর্ডসমূহের প্রতিনিধিসহ ৭ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
নতুন কুঁড়ি জাতীয় ক্বিরাআত ও হিফজ প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা
সভায় সচিবের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই সারাদেশের স্কুল, আলিয়া মাদরাসা ও কওমি মাদরাসার ৮ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ‘নতুন কুঁড়ি জাতীয় ক্বিরাআত ও হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন করা হবে। প্রতিযোগিতার শ্লোগান নির্ধারণ করা হয়েছে— ‘কুরআন পড়, জীবন গড়।’
জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে অভিজ্ঞ হাফেজে কুরআন ও ক্বারী আলেমদের অন্তর্ভুক্ত করা হবে।
কওমি শিক্ষকদের প্রশিক্ষণ ও অভিযোগ নিষ্পত্তি বিষয়ে আলোচনা
সভায় কওমি মাদরাসার শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণের প্রস্তাব উঠলে বোর্ডসমূহের প্রতিনিধিদের পক্ষে মাওলানা মাহফুজুল হক জানান, বোর্ডসমূহের পক্ষ থেকে নিয়মিত শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এবং এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ চলমান।
এছাড়া কোনো কওমি মাদরাসা সম্পর্কে অভিযোগ উত্থাপিত হলে তা সমাধানে বোর্ডের ব্যবস্থা আছে কি না—এ বিষয়ে জানতে চাওয়া হলে প্রতিনিধিরা জানান, বোর্ডসমূহের অধীনে থানা ও জেলা পর্যায়ে কমিটি রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে তদন্ত রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
সভা থেকে এ ব্যবস্থা আরও জোরালো করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোনো মাদরাসা বা আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিডিয়া ট্রায়াল কিংবা অপপ্রচার চালানো হলে তার বিরুদ্ধে শক্ত প্রতিবাদ ও আইনি পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়। এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে আলেম ও বোর্ডসমূহের দৃঢ় অবস্থান গড়ে তোলার কথাও উঠে আসে।
দাওরায়ে হাদীস সনদ অ্যাপোস্টিল সত্যায়নের আবেদন
সভায় আল-হাইআতুল উলয়ার পক্ষ থেকে অনলাইনে MyGov প্ল্যাটফর্মে Apostille পদ্ধতিতে দাওরায়ে হাদীস সনদ সত্যায়নের আবেদন জানানো হয়। এ বিষয়ে আইসিটি মন্ত্রণালয়কে অনুরোধ পাঠানো হবে এবং শিগগিরই তা বাস্তবায়িত হবে বলে সচিব আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন সভায় আল-হাইআতুল উলয়ার পক্ষে কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মুফতি রুহুল আমীন, আযাদ দ্বীনী এদারায়ে তা‘লীম বাংলাদেশের মহাসচিব মাওলানা আব্দুল বছীর, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মুফতি এনামুল হক, জাতীয় দীনী শিক্ষাবোর্ড বাংলাদেশের মাওলানা মুফতি মোহাম্মদ আলী এবং আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মাওলানা মুহাম্মদ অছিউর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
হাআমা/
