শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছেন সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডল।
বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই আবেদন দাখিল করেন তার আইনজীবী মোহাম্মদ আলী হায়দার।
শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী ট্রাইব্যুনালকে অবহিত করেন যে, আদালতের অনুমতি মিললে মামলার ন্যায়বিচারের স্বার্থে সাবেক এই পুলিশ কর্মকর্তা রাজসাক্ষী হিসেবে বিচারকাজে পূর্ণ সহযোগিতা করতে ইচ্ছুক। রাজসাক্ষী হওয়ার আবেদনের পাশাপাশি এদিন জলিল মন্ডলের জামিন চেয়েও শুনানি করেন তার আইনজীবী। তবে উভয় পক্ষের বক্তব্য শোনার পর শাপলা চত্বরের ওই ঘটনার গুরুত্ব ও মামলার সংবেদনশীলতা বিবেচনায় সাবেক এই ডিআইজির জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। এর ফলে তাকে কারাগারেই থাকতে হচ্ছে।
টিএইচএ/
