বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে দেশজুড়ে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
তিনি জানান, কক্সবাজারের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার থেকে দেশে জিলহজ মাস শুরু হবে এবং আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সরকারি-বেসরকারি ছুটি
বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঈদুল আজহার ছুটি নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত (৭ দিন) সারা দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ঈদের ছুটির আগে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রবিবার) অফিসগুলো যথারীতি খোলা থাকবে।
এতে আরো জানানো হয়, বিদ্যুৎ, পানি, গ্যাস ও ফায়ার সার্ভিসের মতো জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। অর্থাৎ এসব দপ্তরের কার্যক্রম যথারীতি চালু থাকবে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবার সংবাদপত্রে ছুটি থাকবে পাঁচ দিন। সোমবার (১৮ মে) সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এ তথ্য জানিয়েছে।
নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা ছুটির নোটিশে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, সংবাদপত্রে ২৬ থেকে ৩০ মে ঈদুল আজহার ছুটি উদযাপন করা হবে। সে হিসাবে ২৭ থেকে ৩০ মে পর্যন্ত সংবাদপত্র প্রকাশিত হবে না।
স্কুল-কলেজ
ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে ২৪ মে থেকে শুরু হয়ে ছুটি চলবে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।
এর পর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এই স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হবে ৭ জুন (রবিবার)।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি (ছুটির তালিকা) বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও কলেজে নির্ধারিত ছুটি থাকলেও সাপ্তাহিক ছুটিসহ শিক্ষার্থীরা মোট ১৬ দিনের ছুটি পাচ্ছে।
মাদরাসা
মাদরাসার ক্যালেন্ডার অনুযায়ী, দেশের সব মাদরাসায় (আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে মাদরাসার ক্লাস পুনরায় শুরু হবে ১৪ জুন। অর্থাৎ মাদরাসার শিক্ষার্থীরা টানা ২১ দিনের (সাপ্তাহিক ছুটিসহ প্রায় ২৩ দিন) বড় ছুটি পাচ্ছে।
এনআর/
