রুয়েট প্রতিনিধি: বিশ্বখ্যাত গবেষণা ও বৈজ্ঞানিক প্রকাশনার তথ্যভিত্তিক আন্তর্জাতিক সূচক ‘ন্যাচার ইনডেক্স’-এ দেশব্যাপী সামগ্রিক তালিকায় ১৫তম অবস্থান অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। মূলত শূন্য দশমিক দুই শূন্য (০.২০) শেয়ার স্কোর নিয়ে দেশের অন্যতম শীর্ষ এই প্রতিষ্ঠানটি গৌরবময় এ অবস্থানে জায়গা করে নিয়েছে। আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক প্রকাশনা সংস্থা ‘ন্যাচার পোর্টফোলিও’ উচ্চমানের বৈজ্ঞানিক গবেষণার তথ্য সংরক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে প্রতি বছর এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক সূচক প্রকাশ করে থাকে।
সম্প্রতি প্রকাশিত ইনডেক্সের সর্বশেষ তালিকায় বাংলাদেশের সরকারি ও বেসরকারি ২৭টি বিশ্ববিদ্যালয় এবং দুটি মেডিকেল কলেজ সহ সর্বমোট ৬৮টি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান স্থান পেয়েছে। গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বিশ্বের ১৪৫টি মর্যাদাপূর্ণ পিওর সায়েন্স এবং মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণাপত্র এবং গবেষকদের অবদানের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে। কোনো গবেষণাপত্রে একাধিক প্রতিষ্ঠান বা গবেষক যুক্ত থাকলে সংশ্লিষ্ট গবেষণার মোট অবদান ভগ্নাংশ আকারে ভাগ করা হয়, যাকে কারিগরি ভাষায় ‘শেয়ার স্কোর’ বলা হয়। মূলত এই স্কোরের ভিত্তিতেই চূড়ান্ত অবস্থান নির্ধারিত হয়েছে। তালিকায় দেশের একাডেমিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বুয়েট, কুয়েটসহ বেশ কিছু প্রতিষ্ঠান তাদের অবস্থান ধরে রেখেছে।
রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার এই অনন্য অর্জন প্রসঙ্গে বলেন, ন্যাচার ইনডেক্সে রুয়েটের এই অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের একটি বড় অর্জন। এটি শুধু গবেষণায় আমাদের অগ্রগতির আন্তর্জাতিক স্বীকৃতি নয়, বরং শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা এবং একাডেমিক নিষ্ঠার একটি বড় প্রতিফলন। প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও রুয়েট যে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে, এই অর্জন সেটিকেই নতুন করে দৃশ্যমান করেছে। আধুনিক গবেষণাগার নির্মাণ, পর্যাপ্ত অর্থায়ন এবং আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করা গেলে আগামী দিনে বিশ্ববিদ্যালয়টি বৈশ্বিক র্যাংকিংয়ে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্ট গবেষকেরা।
টিএইচএ/
