এবারের ঈদুল আজহায় দেশে প্রায় ১ কোটি পশু কোরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী

by hsnalmahmud@gmail.com

এবারের ঈদুল আজহার কোরবানির পশুর হাট অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি নিরাপদ রয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় ১ কোটি পশু কোরবানির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৬ মে) কুমিল্লা নগরীর নেউরা কোরবানির পশুর হাট পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, একেবারে প্রান্তিক চাষি থেকে শুরু করে ক্রেতা পর্যন্ত কোরবানির পশুর ক্রয়-বিক্রয় যেন সম্পূর্ণ নিরাপদ হয়, সে জন্য সরকার সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অনিরাপত্তা, চাঁদাবাজি বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। পাশাপাশি এবারের বাজারে অবৈধভাবে আসা পশুও চোখে পড়েনি।’

মন্ত্রী বলেন, ‘কোরবানির পশুর হাটগুলোতে ভেটেরিনারি টিম, জাল টাকা শনাক্তকরণ ব্যবস্থা এবং চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালন নিশ্চিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঈদের বাজার এখনো পুরোপুরি জমে ওঠেনি। তবে এবার সারাদেশে প্রায় এক কোটি পশু কোরবানি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি বলেন, ‘কোরবানিকে কেন্দ্র করে যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, তা দেশের সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে এবং লাখো মানুষের জীবিকার সঙ্গে সম্পৃক্ত থাকে।’

পরিদর্শনের সময় মন্ত্রী হাটে স্থাপিত ভেটেরিনারি টিমের বুথ থেকে মাইকিং করে ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশে বলেন, ‘কোনো ধরনের সমস্যা দেখা দিলে যেন তারা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বুথে যোগাযোগ করেন।’

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশু পালন প্রান্তিক কৃষক ও খামারিদের জন্য বছরের অন্যতম বড় আয়ের উৎস হিসেবে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশের লাখো পরিবার কোরবানির পশু লালন-পালন ও বিক্রির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছে, যা ধীরে ধীরে একটি শিল্পভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপ নিচ্ছে। এ জন্য প্রান্তিক খামারিদের স্বার্থরক্ষায় সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।

আমিন উর রশিদ বলেন, বাংলাদেশে প্রতিবছর বিপুলসংখ্যক গবাদিপশু কোরবানি হয়, যা বিশ্বের অন্যতম বৃহৎ কোরবানির আয়োজন। এই উৎসবকে ঘিরে সারা দেশের কৃষক ও খামারিরা দীর্ঘ সময় ধরে গরু, ছাগল, ভেড়া ও মহিষ প্রস্তুত করেন, যা তাদের অর্থনৈতিক সচ্ছলতার একটি বড় সুযোগ।

পরে তিনি হাটের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং পশু ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222