বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ওআইসি মহাসচিবের অভিনন্দন

by Masudul Kadir

বিশেষ প্রতিবেদক :: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তাকে এবং বাংলাদেশ সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর মহাসচিব হুসেইন ইব্রাহিম ত্বহা।

মঙ্গলবার (২ জুন) জেদ্দা থেকে ওআইসি-এর সাধারণ সচিবালয় কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে এই অভিনন্দন বার্তা জানানো হয়।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে ওআইসি মহাসচিব নতুন সভাপতি খলিলুর রহমানের দায়িত্ব পালনের সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, জনাব রহমানের কূটনৈতিক বিচক্ষণতা ও দীর্ঘ অভিজ্ঞতা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বকে আরও সুদৃঢ় করবে। একই সাথে এটি বহুপাক্ষিকতাবাদকে শক্তিশালী করতে এবং বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আন্তর্জাতিক অঙ্গন, জাতিসংঘ এবং ওআইসিতে বাংলাদেশের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন মহাসচিব হুসেইন ইব্রাহিম ত্বহা।

বিবৃতিতে ওআইসি মহাসচিব বিশ্বব্যাপী শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্সির সাথে ওআইসি-এর পক্ষ থেকে সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে হারিয়ে মর্যাদাপূর্ণ এ পদে এক বছরের জন্য নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদকক্ষে আনুষ্ঠানিক নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয়।

মোট ১৯০টি ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসের পক্ষে ভোট পড়েছে ৯১টি।

প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন অনুসারে, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচিত হবেন। এ পদের জন্য বাংলাদেশ ও সাইপ্রাস প্রতিদ্বন্দ্বিতা করেছে।

বাংলাদেশ সর্বশেষ ১৯৮৬-৮৭ সালে এ মর্যাদাপূর্ণ পদটি লাভ করেছিল, যখন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। চার দশক পর বাংলাদেশ পদটি পুনরুদ্ধার করল।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222