প্রতি বছর দেশে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়, সংসদে খাদ্য প্রতিমন্ত্রী

by Abid vs36

জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউনেপের ২০২৪ সালের ফুড ওয়েস্ট ইনডেক্স প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয় বলে জাতীয় সংসদে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তবে প্রতিবেদনে যে সংখ্যা উল্লেখ করা হয়েছে তা দেশের সামগ্রিক পরিস্থিতির চিত্র বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন এক লিখিত প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। এর আগে বিকাল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

বিজ্ঞাপন
banner

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল, জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউনেপের ২০২৪ সালের ফুড ওয়েস্ট ইনডেক্সের প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ খাদ্য উৎপাদন হয় তার একটি বড় অংশই চলে যায় ময়লার ঝুঁড়িতে, যা প্রায় ৩৫ লাখ টন। দেশে খাদ্যের অপচয় রোধকল্পে জনসচেতনতা সৃষ্টিতে খাদ্য মন্ত্রণালয় কী পদক্ষেপ গ্রহণ করবে? এর লিখিত জবাবে খাদ্য প্রতিমন্ত্রী জানান, খাদ্য মন্ত্রণালয়ের আওতায় দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্যশস্য সংগ্রহ করে তা খাদ্য গুদাম ও সাইলোতে সংরক্ষণ করা হয়ে থাকে। সরকারের বিভিন্ন খাতে খাদ্য গুদাম ও সাইলো থেকে খাদ্যশস্য বিতরণ হয়ে থাকে এবং এই পুরো ব্যবস্থাপনায় কিছু খাদ্যশস্য নষ্ট হয়। তবে নতুন আধুনিক সাইলো ও খাদ্য গুদাম নির্মাণ এবং পরিবহণ সংশ্লিষ্ট অংশীজনের সচেতনতা বৃদ্ধিসহ নানামুখী প্রচেষ্টার মাধ্যমে খাদ্যশস্যের অপচয় পর্যায়ক্রমে কমিয়ে আনা হচ্ছে।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থ বছরে সরকারের ব্যবস্থাপনায় খাদ্যশস্যের মোট ঘাটতি বা অপচয়ের পরিমাণ ছিল ১৮৮৮৭ দশমিক ৩৪৭ মেট্রিক টন, যা শতকরা হিসাবে মাত্র শূন্য দশমিক ২৮ শতাংশ। অন্যদিকে ২০২৩-২৪ অর্থ-বছরের মোট ঘাটতি বা অপচয়ের পরিমাণ ছিল ২১৩২৯ দশমিক ৮৮ মেট্রিক টন, যা শতকরা হিসাবে ছিল শূন্য দশমিক ৩১৬ শতাংশ। উল্লিখিত পরিসংখ্যান অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছরে সরকারি গুদামের ঘাটতি আগের অর্থ-বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। প্রতিমন্ত্রী তাঁর লিখিত প্রশ্নের উত্তরে আরও জানান, সামগ্রিক খাদ্য নিরাপত্তা ও নিরাপদতা নিশ্চিতকরণ এবং দেশে খাদ্যের অপচয় রোধকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উৎপাদিত পণ্যের অপচয় ও ক্ষতি রোধে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বর্তমানে নানাবিধ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222