রুয়েট প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ লেফটেন্যান্ট সেলিম হলে অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে হাতনাতে ধরেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার রাতে আনুমানিক ১০টার দিকে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ অভিযানকালে মাদকসহ তাদের আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের নির্দিষ্ট কক্ষে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকারী দল কক্ষে প্রবেশ করে চার শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পান। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে গাঁজা সদৃশ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। অভিযানে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী এবং শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের প্রভোস্ট অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী ছাত্রকল্যাণ পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী জানান, বিশ্ববিদ্যালয়ে মাদকসহ যেকোনো ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। এই ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিষয়ে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর উল্লেখ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটির তদন্ত শেষে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্যাম্পাসে মাদকমুক্ত ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
টিএইচএ/
