৩৬ নিউজ প্রতিবেদক:: সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারকেন্দ্রিক ধর্মীয় ও পর্যটন অবকাঠামোর আধুনিকায়ন এবং দরগাহ মাদরাসাকে জ্ঞানচর্চার আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম।
বুধবার (১০ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন। সভায় দুই মাজারের পরিচালনা কমিটি, মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, হযরত শাহজালাল (রহ.) ও তাঁর ভাগ্নে হযরত শাহপরান (রহ.) কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পদ নন; তাঁরা সমগ্র সিলেটবাসীর ঐতিহ্য ও গৌরবের অংশ। তাঁদের স্মৃতিবিজড়িত এ দুই স্থানে প্রতি সপ্তাহে অর্ধলাখের বেশি পর্যটকের আগমন ঘটে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তবে পর্যটকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা, যানবাহনের পার্কিং সুবিধা, পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে ওঠেনি বলে উল্লেখ করেন তিনি। এ অবস্থায় মাজারসংলগ্ন মসজিদকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বহুতল দৃষ্টিনন্দন স্থাপনায় রূপ দেওয়ার পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। এ ক্ষেত্রে নারীদের জন্য একটি পৃথক ফ্লোর রাখার বিষয়টিও পরিকল্পনায় রয়েছে বলে তিনি জানান।
এ ছাড়া দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাদরাসাকে ‘বাংলাদেশের দেওবন্দ’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে উল্লেখ করে সারওয়ার আলম বলেন, এ প্রতিষ্ঠানকে দেশের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষাকেন্দ্রে পরিণত করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শাহজালাল (রহ.) মাদরাসার গ্রন্থাগারকে বিশ্বের বিভিন্ন প্রান্তের দুর্লভ ও দুষ্প্রাপ্য কিতাবের সমৃদ্ধ সংগ্রহশালা ও গবেষণাকেন্দ্রে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
একই সভায় মাজার দুটির আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণে স্বচ্ছতা নিশ্চিত এবং নিয়মিত প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক। সভায় উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ওয়াক্ফ এস্টেট, সিলেট সিটি করপোরেশন ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারাও ছিলেন।
হাআমা/
