বিশ্বমঞ্চে রুয়েটের ‘বেঙ্গলসাব’, আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতার সেমিফাইনালে ‘হাঙর ২.০’

by Abid vs36

রুয়েট প্রতিনিধি: বিশ্বের অন্যতম আন্ডারওয়াটার রোবোটিক্স প্রতিযোগিতা RoboSub 2026-এর সেমিফাইনাল পর্বে জায়গা করে নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দল ‘বেঙ্গলসাব’ (BengalSub)। দলের তৈরি ৩৫ কেজি ওজনের স্বয়ংক্রিয় আন্ডারওয়াটার ভেহিকল (Autonomous Underwater Vehicle-AUV) ‘হাঙর ২.০’ সফলভাবে নির্ধারিত মিশন সম্পন্ন করে এ অর্জন নিশ্চিত করেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আন্ডারওয়াটার রোবোটিক্স গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচিত হলো। আগামী ১১ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিতব্য সেমিফাইনাল পর্বে অংশ নেবে দলটি।

আয়োজক প্রতিষ্ঠান RoboNation-এর তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের মোট ৫৮টি দল অংশগ্রহণের জন্য নিবন্ধন করে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে Cornell University, Duke University, Georgia Institute of Technology, Stanford University, University of California, Berkeley, National University of Singapore (NUS)-সহ বিশ্বের শীর্ষস্থানীয় প্রকৌশল ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বাংলাদেশ থেকেও কয়েকটি বিশ্ববিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশ নেয়। এমন প্রতিযোগিতামূলক পরিবেশে সেমিফাইনালে উত্তীর্ণ হওয়াকে রুয়েটের জন্য একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে অংশগ্রহণকারী দলগুলোকে পানির নিচে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে একটি নির্ধারিত গেট অতিক্রম, নির্দিষ্ট একটি অবজেক্টকে প্রদক্ষিণ এবং পুনরায় নির্ধারিত স্থানে ফিরে আসার চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করতে হয়। রুয়েটের ‘হাঙর ২.০’ নির্ভুলভাবে এসব মিশন সম্পাদন করে সেমিফাইনালে উত্তরণের যোগ্যতা অর্জন করে।

বিজ্ঞাপন
banner

এ বছর বাংলাদেশ থেকে মোট চারটি দল প্রতিযোগিতায় নিবন্ধন করে। এর মধ্যে রুয়েটের ‘বেঙ্গলসাব’ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি দল সরাসরি সেমিফাইনাল পর্বে উত্তীর্ণ হয়েছে। বাকি দলগুলোর ফলাফল এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। দলটির সদস্যরা জানান, দীর্ঘদিনের গবেষণা, পরিকল্পিত প্রস্তুতি এবং গত বছরের অভিজ্ঞতার আলোকে প্রযুক্তিগত উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি আগামী ধাপগুলোতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। রুয়েটের প্রতিনিধিত্বকারী বেঙ্গলসাব দলের সদস্যরা হলেন তড়িৎ ও টেলিযোগাযোগ কৌশল (ইটিই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দলনেতা সুদীপ্ত মণ্ডল এবং ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল (ইসিই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার রাদওয়ানুর রহমান, সিরাজুম মুনির, আসাদুল্লাহ আল গালিব ও রাহুল দেবনাথ।

জানা যায়, দলটি গত ২৪ জুন প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত নথিপত্র ও ভিডিও জমা দেয় এবং ২৫ জুন তা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, RoboSub 2026-এর মতো আন্তর্জাতিক প্রতিযোগিতার সেমিফাইনালে উত্তীর্ণ হওয়া শুধু রুয়েটের জন্য নয়, বাংলাদেশের আন্ডারওয়াটার রোবোটিক্স গবেষণার জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি রুয়েট শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণাভিত্তিক কাজ এবং প্রকৌশল দক্ষতার আরেকটি উজ্জ্বল স্বাক্ষর হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে গবেষণা ও উদ্ভাবনে অনুপ্রাণিত করতে এ অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222