চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :: ভারতীয় সীমান্ত রক্ষীরা বার বার বিভিন্ন ফন্দি করছে কেবলই। কীভাবে পুশইন করা যায়। এবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশ-ইন করতে পারে—এমন আশঙ্কায় শুক্রবার রাতে সীমান্ত এলাকায় জড়ো হন শত শত স্থানীয় বাসিন্দা। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সীমান্তের ভারতীয় অংশে বিএসএফ হঠাৎ করে ফ্লাডলাইট বন্ধ করে দেয়। অন্যান্য সীমান্তে এভাবে আলো নিভিয়ে পুশইনের ঘটনা ঘটেছে—এমন ধারণা থেকে স্থানীয়রা দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেন। তাদের চিৎকার-চেঁচামেচির একপর্যায়ে বিএসএফ আবার আলো জ্বালিয়ে দেয়।
শনিবার (৪ জুলাই) সকাল পর্যন্ত অনেক স্থানীয় বাসিন্দা সীমান্ত এলাকায় অবস্থান করেন।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে ফ্লাডলাইট বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে পুশইনের আশঙ্কা তৈরি হয় এবং তারা সীমান্ত এলাকায় জড়ো হন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, বিএসএফ ১২ জনকে পুশইনের উদ্দেশে সীমান্তের ভারতীয় অংশে রেখেছিল। তবে বিজিবি সদস্য ও স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
তিনি আরও বলেন, চকপাড়া সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
