জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে সুনির্দিষ্ট মত দিলেও সরকার এখনো তা বাস্তবায়ন করেনি। সংস্কারের এই জনআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে বর্তমান বিএনপি সরকার জাতির সঙ্গে স্পষ্ট গাদ্দারি ও বেইমানি করছে।
আজ সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত ‘জুলাই বিপ্লবীদের মহাসমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ ও ‘জুলাই পদযাত্রা’র আয়োজন করা হয়।
মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম দেশের চলমান সার্বিক সংকট তুলে ধরে বলেন, সরকার দেশের তীব্র বিদ্যুৎ সমস্যার টেকসই সমাধানের নানা প্রতিশ্রুতি দিলেও চলতি বাজেটে তার বাস্তব কোনো প্রতিফলন দেখা যায়নি। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, দেশের খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়েই সিন্ডিকেটের মাধ্যমে মাদক সারা দেশে ছড়িয়ে পড়ছে। যুবসমাজকে বাঁচাতে অবিলম্বে মাদক কারবারিদের শক্ত হাতে দমন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারকে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেন, দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত গণভোটের রায় যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত এ দেশে জনগণের প্রকৃত আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক পটভূমিতে দেশের বিভিন্ন স্থানে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধমূলক ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এসব অপকর্ম দ্রুত নির্মূলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এনসিপির মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তাঁর বক্তব্যে রাজনৈতিক পরমতসহিষ্ণুতার ওপর জোর দিয়ে বলেন, জনগণের মৌলিক স্বার্থের বিরুদ্ধে না যাওয়া পর্যন্ত দলগত রাজনৈতিক মতপার্থক্য বড় কোনো বিষয় নয়। বিএনপি সরকার ভালো কাজ করলে তার প্রশংসা করার উদার মানসিকতা যেমন আমাদের থাকতে হবে, তেমনি তারা যদি জনগণ ও রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে রাজপথে তার যৌক্তিক ও তীব্র সমালোচনা করার সাহসও বুকে ধারণ করতে হবে।
গাজীপুর জেলা এনসিপির সভাপতি এম এম সোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহাসমাবেশে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ এনসিপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। এর আগে বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে থেকে ছাত্র-জনতার অংশগ্রহণে এক বিশাল ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়। পদযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে এসে মহাসমাবেশে মিলিত হয়।
টিএইচএ/
