আন্তর্জাতিক ডেস্ক :: ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর পদ্ধতিগত ও নৃশংস নির্যাতনের দায়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ব্রিটিশ সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের অর্ধশতাধিক সংসদ সদস্য।
বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত ৭১ জন এমপি ও লর্ডস সভার সদস্য গত সপ্তাহে দেশটির পররাষ্ট্রসচিব ইভেত কুপারের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে এই আহ্বান জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ক্ষমতাসীন লেবার পার্টির এমপি নিল ডানকান-জর্ডানের নেতৃত্বে পাঠানো এই চিঠিতে লেবার পার্টির ৩০ জন এমপি ও ৭ জন পিয়ার্সসহ গ্রিন পার্টি, লিবারেল ডেমোক্র্যাটস, স্কটিশ ন্যাশনাল পার্টি এবং কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতারা স্বাক্ষর করেছেন। চিঠিতে বলা হয়েছে, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর যে নিয়মতান্ত্রিক এবং সুপ্রমাণিত নির্যাতন চালানো হচ্ছে, তার দায় সরাসরি প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ ইসরাইল সরকারের ওপর বর্তায়।
