নিজস্ব প্রতিবেদক :: সাভারে পদযাত্রা-পরবর্তী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটে।
এক বার্তায় এনসিপি জানায়, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মঞ্চে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন।
আহত ব্যক্তিরা হলেন এনাম মেডিকেল কলেজের স্টাফ মো. শাহীন খন্দকার (৩০), এনাম মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. জসিম (২৬) এবং মো. শাহাদাত হোসেন (৪০)। শাহীনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আতাখালী, জসিমের বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার গোয়ালমারী এবং শাহাদাতের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলায়। বর্তমানে শাহাদাত ঢাকার সাভারের মুক্তির মোড় এলাকায় বসবাস করেন।
ঘটনার পর সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত ঘটনাস্থল থেকে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
