৩৬নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ জুলাই) সকালে ক্যাম্পাসে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবমুখর এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে পৌঁছালে সেখানে এক আনন্দঘন পরিস্থিতির সৃষ্টি হয়। সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান। উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান ঐতিহ্যবাহী এই চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী। প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজনে উপস্থিত চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি প্রধানমন্ত্রীকে সেখানে কয়েকজনের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায়।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর অধীনে ঢামেক ক্যাম্পাসে নির্মাণ হতে যাওয়া দুটি নতুন ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর উন্মোচন শেষে তিনি শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে আয়োজিত এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে সরাসরি অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে এদিন ঢাকা মেডিকেল কলেজে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এই আলোচনা সভায় উপস্থিত থেকে বিশিষ্ট চিকিৎসকদের মতামত ও পরামর্শ শোনেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের সামগ্রিক স্বাস্থ্যখাতের গুণগত উন্নয়ন এবং সরকারি সেবার মান আধুনিক করতে এই বিশেষ অনুষ্ঠান থেকে সরকারপ্রধানের নতুন কিছু প্রকল্পের সিদ্ধান্ত ও দিকনির্দেশনা আসার কথা রয়েছে।
টিএইচএ/৩৬ নিউজ
