আন্তর্জাতিক ডেস্ক:: ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের (এমডব্লিউএল) ঊর্ধ্বতন কর্মকর্তারা চলমান মানবিক ও উন্নয়নমূলক সংকটের প্রেক্ষাপটে আফগানিস্তানকে সমর্থন ও সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন।
আরিয়ানা নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ওআইসির সহকারী মহাসচিব রাষ্ট্রদূত তারিগ আলী বখীত এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব মোহাম্মদ বিন আব্দুলকরিম আল-ইসার মধ্যে গত শনিবার এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। পাকিস্তানের ইসলামাবাদে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর অংশগ্রহণে শুরু হওয়া নবম ওআইসি নারী বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা পর্যালোচনা করে এবং ইসলামি স্বার্থ রক্ষা ও যৌথ কাজের ক্ষেত্র প্রসারিত করার লক্ষ্যে বেশ কয়েকটি যৌথ কর্মসূচি চালু করতে সম্মত হয়।
আলোচনায় আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি এবং দেশটির মানবিক ও উন্নয়নমূলক প্রতিবন্ধকতা মোকাবিলার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। দুই সংস্থার প্রধানই আফগান জনগণকে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং ত্রাণ ও মানবিক উদ্যোগগুলো টিকিয়ে রাখার জন্য সমন্বিত ইসলামী ও আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর জোর দেন।
বৈঠক শেষে রাষ্ট্রদূত বখীত মুসলিম উম্মাহর কল্যাণে এবং সমাজে মধ্যপন্থা ও ভারসাম্য রক্ষায় আল-ঈসার নেতৃত্বে মুসলিম ওয়ার্ল্ড লীগের ভূমিকার প্রশংসা করেন ও ওআইসির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
